নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের দাবি - ৫ আগস্টের পর থেকে দেশে বিচারবহির্ভূত কোনো হত্যার ঘটনা ঘটেনি৷
তবে, আইন ও সালিশ কেন্দ্র(আসক)-এর হিসাব অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর এই ৯ মাসে দেশের বিভিন্ন এলাকায় ৮০ জনকে গণপিটুনি বা পিটিয়ে হত্যা করা হয়েছে৷ তার মধ্যে আগস্ট মাসে হত্যা করা হয়েছে ২১ জনকে আর সেপ্টেম্বর মাসে ২৮ জনকে৷ অর্থাৎ, এই দুই মাসে পিটিয়ে হত্যা করা হয়েছে ৪৯ জনকে৷ ২০২৪ সালে আগের সাত মাসে এমন ঘটনা অনেক কম৷ ওই সাত মাসে ৩১ জনের মৃত্যু হয় গণপিটুনিতে৷
গণপিটুনির বাইরে পুলিশ ও যৌথ বাহিনীর হেফাজতেও মৃত্যুর ঘটনা ঘটেছে৷ গাইবান্ধা ও ময়মনসিংহে এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে পুলিশ ও যৌথ বাহিনীর হেফাজতে৷
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে৷ খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানা নামের ওই শিক্ষকে পিটিয়ে হত্যার পর পাহাড়ি-বাঙালি সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়৷ তারপরও সংঘর্ষ এবং বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে৷
১৮ সেপ্টেম্বর খাগড়াছড়ির দীঘিনালায় চোর সন্দেহে মো. মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়৷ তার জের ধরে খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি বাঙালি সংঘর্ষে চার জন আদিবাসী নিহত হন৷ অনেক ঘরবাড়িতে হামলা এবং অগ্নি সংযোগ করা হয়৷ আগুনে পুড়ে যায় অনেক বাড়ি-ঘর৷
গত সেপ্টেম্বের দেশের দুটি বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে মারা হয় দুজনকে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে চোর অপবাদে দিয়ে রীতিমতো ভাত খাইয়ে পিটিয়ে মারা হয়৷ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করা হয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লাকে৷
রাজশাহীতে পিটিয়ে হত্যা করা হয় পঙ্গু সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদকে৷
এদিকে চট্টগ্রামে খুঁটির সঙ্গে বেঁধে নাচ-গান করে এক যুবককে পিটিয়ে হত্যার এক মাস পর সেই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে৷
বর্তমান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের দাবির বিষয়ে মন্তব্য করে ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাতকারে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ মনে করেন, এ সময়ে সারা দেশে কমপক্ষে ৪৯টি এমন হত্যাকাণ্ড ঘটেছে, কারণ, বিচারিক প্রক্রিয়া ছাড়া যে-কোনোভাবে যে-কোনো হত্যাই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড৷
ডয়চে ভেলে দেয়া সাক্ষাতকারে মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক নূর খান বলেন, ‘‘অন্তর্বর্তী সরকারের হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে৷ দুই মাসেও তারা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারছেন না৷ এটা মেনে নেয়া যায় না৷’’

Comments
Post a Comment